সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ১২:০৩

নাফ নদী থেকে আরও ১৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাফ নদীতে ভাসমান অবস্থায় আরো ১৬ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে তিন দিনে সমুদ্রসৈকত থেকে নারী-শিশুসহ মোট ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্ট থেকে ১৫ জন ও শাহপরীর দ্বীপ থেকে একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান। এদের মধ্যে ১১ জন পুরুষ, তিন জন নারী এবং দুইজন শিশু রয়েছে বলে জানান তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন জানান, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীতে মঙ্গলবার রাতের যেকোনো সময় ঢেউয়ের তোড়ে রোহিঙ্গাভর্তি নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বুধবার সকালে সমুদ্রসৈকত থেকে দুই নারী ও দুই শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়। এর পর বৃহস্পতিবার শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্ট থেকে ১৫ জন ও শাহপরীর দ্বীপ থেকে একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়।

কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।

শরীরে গুলি পোড়া ক্ষত নিয়ে চট্টগ্রামে মেডিকেলে ভর্তি আছেন বেশ কয়েকজন রোহিঙ্গা।

গত এক সপ্তাহে অন্তত ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তথ্য।

আপনার মন্তব্য

আলোচিত