০৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৩৮
উত্তর কোরিয়া লাগাতার পরমাণু অস্ত্র পরীক্ষা করায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ অগ্রাহ্য করে উত্তর কোরিয়া ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
“উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।”
আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের একতরফা কার্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পারমানবিক বোমার একটি ছবি প্রকাশ করে। এতে দেখা যায় দেশটির শীর্ষ নেতা কিম জং উন নবনির্মিত একটি হাইড্রোজেন বোমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক পারমানবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের।
আপনার মন্তব্য