সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫২

‘মিরপুরের জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক, ভেতরে ৭ জন’

রাজধানীর দারুস সালামের বাঁধন সড়কের ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানার ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলে ধারণা করছে র‌্যাব। এছাড়াও ভিতরে শীর্ষ জঙ্গি আবদুল্লাহসহ ৬/৭ জন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

রাজধানীর মিরপুরের মাজার রোডে ঘিরে রাখা বা‌ড়ি পরিদর্শনে গিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মঙ্গলবার সকালে উপস্থিত সাংবাদিকদের এ সব কথা জানান।

র‌্যাবের মহাপরিচালক জানান, ভেতরে থাকা জঙ্গি আব্দুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানালে তিনি সময় চান। ভেতরে তার আড়াই ও ১০/১২ বছরের দুই শিশু, দুই স্ত্রীও রয়েছেন। এ কারণে র‌্যাব ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরও আত্মসমর্পণ না করলে অভিযানে যাবে র‌্যাব। ১০-১৫ মিনিটেই অভিযান শেষ করতে পারবে। কিন্তু নারী ও শিশু থাকার কারণে সময় নেওয়া হচ্ছে।

সবাই যাতে জীবিত উদ্ধার হয় সে চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।

২০০৫ সাল থেকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত আব্দুল্লাহ। তিনি এ এলাকায় কবুতর ব্যবসার পাশাপাশি আইপিএস তৈরি করে বিক্রি করতো। এর আড়ালে আব্দুল্লাহ জঙ্গি তৎপরতা চালাতেন।

প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে ছয়তলার বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। বাড়িটির মধ্যে ২৪টি ফ্ল্যাট আছে। এর মধ্যে ২৩ ফ্ল্যাট থেকে ২৪ জন নারী, ২৬ জন পুরুষ ও ১৫ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বিছিন্ন করে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত