সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:৫৯

জঙ্গি আস্তানায় ‘রাসায়নিক বিস্ফোরণ’, ভবনে আগুন

রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় দিনভর ঘিরে রাখা সেই ‘জঙ্গি আস্তানায়’ রাসায়নিক বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটের দিকে তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলিতে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে। এরপর ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া আসতে থাকে বলে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আগুন ধরেছে বলে জানা গেছে। পরে সেখানে কয়েক দফা গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন তারা।

মুফতি মাহমুদ বলেন, ‘এখানে কেমিক্যাল (রাসায়নিক) বিস্ফোরণ ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে। এই ব্রিফিংয়ের আগেও মুফতি মাহমুদ দুই দফা ব্রিফিং করেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছিলেন, তাঁদের ধারণা ওই ‘জঙ্গি আস্তানায়’ নারী-শিশুসহ সাতজন আছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, গতকাল সোমবার রাতে টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে দারুস সালামের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালানো হচ্ছে। বাড়িটির পঞ্চম তলায় সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে।

বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে পুরুষ-নারী-শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ। বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

জঙ্গি আস্তানা থেকে আবদুল্লাহর বোন ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন বলে জানান বেনজীর আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত