১৬ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫৩
মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করে এমন নির্দেশনা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাছাড়া রোহিঙ্গারা যেনো বাইরে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে জনগণের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ পুলিশ। ক্যাম্পের বাইরে তাদের অবস্থান বা চলাচল দেখলেই তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবে। ক্যাম্পের বাইরে আত্মীয়স্বজন বা পরিচিতজনদের বাড়িতে তাদের অবস্থান বা আশ্রয় নেওয়া নিষেধ। ক্যাম্পের বাইরে বাংলাদেশের জনগণকে রোহিঙ্গা শরণার্থীদের কাউকে বাসাভাড়া দেওয়া এবং পরিবহন চালক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবে না। তারা সড়ক, রেল, নৌপথে এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন করতে পারবে না। সব ধরনের পরিবহনের চালক, শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের পরিবহন না করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয়, বাড়ি ভাড়া দিলে অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়া অথবা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে তা অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়।
আপনার মন্তব্য