২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৫০
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৩৯ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে এবং আগামী ১ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। সরকারি এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৪৩৯ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে উপরোক্ত সিদ্ধান্ত নেয় কমিটি।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য