২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চএ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে বিসিবির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে রোববার বিসিবির এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন স্থপতি মোবাশ্বের হোসেন।
গত ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আইনি নোটিশ পাঠানো হয়।
মামলার বাদী স্থপতি মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, বিসিবি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠান বরাবর তিনি এ আইনি নোটিশ পাঠান।
আপনার মন্তব্য