২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৩৪
উল্টোপথে গাড়ি নিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়ার পর ২৪ ঘণ্টার ব্যবধানে একই কাজ করলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক। রোববার ধরা পড়ার পর গাড়িটিকে জরিমানা করা হয়েছিল। দুই দিনই সচিব গাড়িতে ছিলেন এবং চালকও ছিলেন একই ব্যক্তি।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে উল্টোপথে আসা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়। দুই ঘণ্টার অভিযানে সমবায় সচিবের গাড়ি ছাড়াও পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তার গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল জরিমানার শিকার হয়েছে।
এসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজউদ্দিন আহমেদ, উপকমিশনার দক্ষিণ রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের উপস্থিতিতে উল্টোপথে চলা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। ঝটিকা অভিযানে একজন প্রতিমন্ত্রী ও সরকারদলীয় এমপির গাড়িসহ ধরা পড়েছিল ৫৭টি গাড়ি; যার ২৬টিই সরকারি। এর মধ্যে সমবায় সচিবের গাড়ি ছাড়াও ছিল যুগ্ম সচিব, উপসচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িও। তবুও পাল্টায়নি রাজধানীর রাজপথের চিত্র।
সোমবার বিকেলে হেয়ার রোড, রূপসী বাংলা হোটেলের সামনে, বাংলামোটর ও বিজয়সরণি এলাকায় অনেক গাড়ি উল্টোপথে চলতে দেখা গেছে। অথচ এর ২৪ ঘণ্টা আগে রোববার বিকেলে ওই এলাকায় দুদক চেয়ারম্যানের উপস্থিতিতে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে জরিমানা করে।
সরেজমিনে বিকেল ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে দেখা যায়, এই পৌনে এক ঘণ্টায় কমপক্ষে ২৫টি গাড়ি ও ৩০টি মোটরসাইকেল উল্টোপথে চলতে। এর মধ্যে এমপি, অর্থ মন্ত্রণালয় ও পুলিশসহ সরকারি বিভিন্ন দফতর এবং বেসরকারি গাড়িও ছিল।
বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত রূপসী বাংলা হোটেলের বিপরীতে (মিন্টুরোড থেকে যাওয়ার পথে) উল্টোপথে বেশ কিছু গাড়ি চলতে দেখা যায়। এর মধ্যে ৩টা ২২ মিনিটে একটি সাদা হাইস গাড়ি (ঢাকা মেট্টো গ-১৭-৮৫৪১) মিন্টুরোডের দিক থেকে উল্টোপথে রুপসী বাংলা ক্রসিংয়ের দিকে যায়। পৌনে ৪টার দিকে নীল রঙেরর একটি পুলিশের জিপ গাড়ি উল্টোপথে চলে যায়। এর আগে ৩টা ৩২ মিনিটে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ ২৯-৬৮৫৪) মিন্টুরোডের দিক থেকে বের হয়ে উল্টোপথে রুপসী বাংলা ক্রসিংয়ের দিকে চলে যায়। গাড়িটির সামনে 'পুলিশ' লেখা স্টিকার ছিল।
এই এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর সংগ্রাম দেবনাথ জানান, দুপুরের পর উল্টোপথে চলায় রুপসী বাংলার বিপরীতে তিনটি গাড়িকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে একটি মোটরসাইকেল এবং দুটি প্রাইভেটকার।
উল্টোপথে একাধিক গাড়ি চলতে দেখা গেছে, সে তুলনায় মামলা কম কেন—জানতে চাইলে তিনি বলেন, একজন সার্জেন্টের পক্ষে তো একবারেই সব গাড়ি ধরা সম্ভব নয়। এরপরও চেষ্টা অব্যাহত আছে।
আপনার মন্তব্য