সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৩১

বিসিবির পরিচালনা পর্ষদ নিয়ে হাই কোর্টের রুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কার্যক্রম কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। তবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) নিয়ে কোনও আদেশ দেননি আদালত। ফলে ২ অক্টোবর এ দুটি সভা হতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

এর আগে সোমবার বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষ হয়।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, শুধুমাত্র বিসিবির পরিচালনা পর্ষদ নিয়ে আদালত একটি রুল দিয়েছেন। ২ অক্টোবর এজিএম ও ইজিএম নিয়ে কোনও আদেশ দেননি আদালত। ফলে ওই সময়ে দুটি সভা হতে বাধা নেই।

এর আগে রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন এই রিট আবেদন করেন।

রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বিসিবি সভাপতিসহ সাতজনকে বিবাদি করা হয়।

বিসিবির ঘোষিত নোটিশ অনুসারে আগামী ২ অক্টোবর বিসিবির এজিএম ও ইজিএম হওয়ার কথা রয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বিসিবি ঘোষিত এজিএম ও ইজিএমের নোটিশ ও ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন রিটকারী মোবাশ্বের হোসেন।

এতে বলা হয়, 'নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে।'

পরে ওই নোটিশ অনুসারে ব্যবস্থা গ্রহণ না করায় রোববার হাই কোর্টে রিটটি দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করে বিসিবি। সেটি অনুমোদন না দিয়ে কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে এনএসসি। পরে ডিসেম্বরের এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও মোবাশ্বের হোসেন। ওই রিটের ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাই কোর্ট রায় দেন। রায়ে এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করা হয়। পরদিন হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। একই বছর ২৫ জুলাই আপিলের অনুমতি দেওয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রই নির্বাচনের অনুমতি পায় বিসিবি।

এ বিষয়ে গত ২৬ জুলাই আপিল বিভাগের দেওয়া রায়ে বলা হয়, বিসিবির গঠনতন্ত্র এনএসসি সংশোধন করতে পারবে না। কিন্তু এরপরেও ফের এজিএম ও ইজিএম নিয়ে আইনি জটিলতার মধ্যে পড়ে বিসিবি।

আপনার মন্তব্য

আলোচিত