০৮ অক্টোবর, ২০১৭ ০২:২২
ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তাঁর স্ত্রী সুষমা সিনহা তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। শনিবার আদালত প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৫ অক্টোবর গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে পাঁচ বছরের জন্য অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী। প্রক্রিয়া শেষে সেদিনই পারিবারিক ভ্রমণের জন্য ওই ভিসা দেওয়া হয়, যার মেয়াদ ২০২০ সালের অক্টোবর পর্যন্ত। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা বসবাস করেন।
এক মাস অবকাশকালীন ছুটি শেষে গত ৩ অক্টোবর সর্বোচ্চ আদালত খোলে। এর এক দিন আগে ২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাস ছুটি প্রয়োজন উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির বরাবর আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটিতে যাওয়ার ২ দিন পর ৫ অক্টোবর তিনি জনসমক্ষে বের হন। প্রধান বিচারপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে সেদিনই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
এদিকে, ছুটির আবেদন বিষয়ে পরিষ্কার হতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিবৃতি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যানও। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আইনমন্ত্রী প্রধান বিচারপতির ছুটির যে চিঠি প্রকাশ করেছেন, ওখানে কয়েক জায়গায় বানান ভুল রয়েছে। বিভিন্ন মহল থেকে ওই চিঠি নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, প্রধান বিচারপতির মতো দায়িত্বশীল ব্যক্তি পাঁচটি বানান ভুল থাকা চিঠিতে স্বাক্ষর করতে পারেন কি না। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতির স্টেটমেন্ট (বিবৃতি) দাবি করে বলেন, তাঁকে খোলা জায়গায় আসতে দেওয়া হোক, আইনজীবীদের মাঝে আসতে দেওয়া হোক। ওই চিঠি (ছুটির আবেদন) সম্পর্কে প্রধান বিচারপতিকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান জয়নুল আবেদীন।
আপনার মন্তব্য