১৩ অক্টোবর, ২০১৭ ১৩:৩৭
বিশ্ব ডিম দিবসে ৩টাকা দামে ডিম দেওয়া হবে এমন প্রচারণায় খামারবাড়িতে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে ডিম বিক্রির অস্থায়ী মঞ্চ ভেঙে পড়েছে। ডিম কিনতে না পেরে মানুষজন বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে।
১৩ অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর ডিম বিক্রির এই আয়োজন করে।
সকাল দশটা থেকে ডিম দেওয়ার কথা ছিল। তবে সকাল নয়টায় বিক্রি শুরু হয়। সর্বোচ্চ ৯০টি করে ডিম দেওয়ার কথা থাকলেও মানুষের চাপ দেখে আয়োজকদের পক্ষ থেকে প্যাকেট করা হয় ২০টি করে। হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে ডিম দেওয়া মিনিট দু-একের মধ্যেই বন্ধ হয়ে যায়। মানুষের হুড়োহুড়িতে আয়োজকেরা প্যান্ডেল থেকে ডিম দেওয়া বন্ধ করে দেন।
ধাক্কাধাক্কিতে একপর্যায়ে ডিম বিতরণের জন্য তৈরি অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে। বেশ কয়েক খাঁচি ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। অনেকে ডিমের ওপরে গিয়ে পড়েন। রোদে দাঁড়িয়ে আর ধাক্কাধাক্কিতে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েছেন। হুড়োহুড়ির মাঝে দু-একজনকে ডিম পেতে দেখা যায়। তবে অধিকাংশই ডিম পাননি।
মানুষের উপচে পড়া ভিড় ও হুড়োজনিত বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও থানা পুলিশ যোগ দেয়। তারা কয়েকবার লাঠিচার্জ করে। তারপরও মানুষ ডিম নিয়ে বিক্ষোভ করতে থাকে।
ডিম না পেয়ে মানুষ ‘আর কোনো দাবি নাই, ডিম চাই বিচার চাই’, ‘ভুয়া ভুয়া’, ‘ডিম চোর, ডিম চোর’, ‘ডিম চাই ডিম চাই’—স্লোগানে বিক্ষোভ করতে থাকে।
এমন পরিস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে মাইকে বলা হয়, ডিম দিবস উপলক্ষে ভোক্তাসাধারণের যে উদ্দীপনা তা কল্পনার বাইরে। শিগগিরই ঢাকা শহরের বিভিন্ন স্পটে একই দামে ডিম বিক্রি হবে।
আপনার মন্তব্য