সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৭ ১৪:২৫

ডিম নিয়ে লঙ্কাকাণ্ড, তবু আয়োজকদের দাবি তারা সফল!

তিন টাকায় ডিম বিক্রি শুরুর আধা ঘন্টার মধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে বিক্রি কার্যক্রম, সাধারণ ক্রেতারা ডিম কিনতে এসে শিকার হয়েছেন পুলিশের লাঠিচার্জের, হুড়োহুড়িতে অনেক ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে। এতোকিছুর পরও আয়োজকরা দাবি করেছেন তাদের উদ্যোগ সফল!

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সংগঠনের সভাপতি মসিউর রহমান এমনটি দাবি করে শুক্রবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের বলেন, "এটাকে ব্যর্থতা বলব না, আমরা সফল।"

তিনি বলেন, "আমরা যে রকম প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি মানুষের সাড়া পেয়েছি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিম বিক্রি করা যায়নি। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি।"

আজ শুক্রবার ১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষ্যে মাত্র ৩ টাকায় ডিম বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর। আর কম দামে ডিম কেনার সুযোগ নিতে শুক্রবার সকাল থেকেই সাধারণ ক্রেতারা ভিড় জমান রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে। অল্প সময়ের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে উঠে ইন্সটিটিউট প্রাঙ্গণ।

তবে এই ক্রেতাদের ভিড় সামাল দিতে পারেননি আয়োজকরা। ৩ ঘন্টাব্যাপী ডিম বিক্রি কার্যক্রম চলার কথা থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে ডিম বিক্রি শুরু করে অতিরিক্ত মানুষের চাপে মাত্র আধা ঘণ্টার মধ্যেই বিক্রি বন্ধ করে দেন আয়োজকরা। পুলিশ সরিয়ে দেয় ক্রেতাদের, করা হয় লাঠিচার্জ। হুড়োহুড়িতে ধাক্কায় আহত হন অনেকেই, ভেঙে যায় অসংখ্য ডিম, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কাউন্টারে আর রাস্তায়। ডিম কিনতে না পেরে খালি হাতে ফেরত যেতে বাধ্য হন হাজারো ক্রেতা।

আয়োজকরা জানান, এক লাখ ডিম বিক্রির জন্য আনা হয়েছিল। বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ হাজার ডিম বিক্রি হয়ে যায়। পরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাইকে ঘোষণা দিয়ে তারা ডিম বিক্রি বন্ধ করে দেন। ঘোষণায় বলা হয়- ‘আজ আর ডিম বিক্রি হবে না। ভবিষ্যতে আমরা আবারও বড় পরিসরে ডিম বিক্রির এরকম আয়োজন করবো। ক্রেতাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার অনুরোধ করছি।’

এমন ঘোষণা শুনে ডিম কিনতে না পারা ক্ষুব্ধ ক্রেতারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, ডিমের দাম দেয়ার পরও তাদেরকে ডিম দেয়া হয়নি। কেউ কেউ ডিম পেলেও পরে তা তাদের কাছ থেকে ফেরত নিয়ে ডিমবাহী গাড়িতে রেখে দেওয়ার অভিযোগ করেছেন আয়োজকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত মঙ্গলবার এব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব ডিম দিবসে মাত্র তিন টাকায় ডিম বিক্রির ঘোষণা দেয় বিপিআইসিসি। সেই অনুযায়ী শুক্রবার এই ডিম বিক্রির আয়োজনটি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত