১৮ অক্টোবর, ২০১৭ ১৮:২০
তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ অক্টোবর) ৫টা ৫মিনিটে তিনি ঢাকা পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।
বাংলাদেশ সময় রাত ২টা ১৫মিনিট এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে (ইকে-৫৮৬) তিনি লন্ডন ত্যাগ করেন।
বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে বিমানবন্দর সড়কে ও এর আশপাশে।
খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
তিন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যে খালেদা জিয়া ফিরলেন দেশে। ফেরার পর বিএনপি চেয়ারপার্সনকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, মঙ্গলবার সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরোয়ানা হাতে আসলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। ঈদও করেন সেখানে।
আপনার মন্তব্য