সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৭ ২০:৪৯

কক্সবাজার পৌঁছেছেন খালেদা

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকা থেকে যাত্রা করার দুই দিনের মাথায় কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে রাত্রিযাপন করবেন তিনি।

সেখানে আগেই অবস্থান নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, হাসিনা আহমেদ, জেলা সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বিএনপি চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানান।

সোমবার (২৯ অক্টোবর) বেলা ১১টার পর বিএনপি চেয়ারপার্সন কক্সবাজারের উখিয়ার বালুখালিতে শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা যায়।

এছাড়া বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ড্যাব পরিচালিত ফ্রি চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি।

প্রসঙ্গত, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন বিএনপি চেয়ারপার্সন।

বিকেল সোয়া ৫টার দিকে তার গাড়িবহরটি ফেনীতে প্রবেশের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

খালেদা জিয়া বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌঁছান। যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

রাত পৌনে ৮টার দিকে মিরসরাই এলাকায় ফের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় পৌঁছালে ইট ছুড়ে বে সরকারি টিভি চ্যানেল ডিবিসি’র গাড়ির দু’দিকের গ্লাস ভেঙে দেওয়া হয়। এতে তিনজন আহত হন।

রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সন চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তিনি রাত্রিযাপন করেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তার গাড়িবহর কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত