০১ নভেম্বর, ২০১৭ ০৩:৩২
বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে পিছিয়েছে বাংলাদেশ। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। গত বছর বাংলাদেশ ছিল ১৭৬তম অবস্থানে।
বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে এক নম্বর অবস্থানে আছে নিউজিল্যান্ড। ১০০ স্কোরের মধ্যে দেশটির স্কোর ৮৬.৫৫। ৮৪.৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। এরপর যথাক্রমে আছে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সূচকে সবার নিচে ১৯০তম অবস্থানে আছে সোমালিয়া। ১০০ স্কোরের মধ্যে দেশটি পেয়েছে মাত্র ১৯.৯৮। তার আগে আছে ইরিত্রিয়া, ভেনিজুয়েলা, দক্ষিণ সুদান ও ইয়েমেন। এসব দেশ যুদ্ধবিধ্বস্ত। চীনের অবস্থান ৭৮তম।
এসূচকে অভাবনীয় উন্নতি হয়েছে ভারতের। এক বছরের ব্যবধানে দেশটি ৩০ ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে নেমে এসেছে। আগের বছর দেশটির অবস্থান ছিল ১৩০তম।
আগামী ২০২১ সালের মধ্যে ব্যবসা সহজীকরণ সূচকে ৯৯তম স্থানে আসার ঘোষণা রয়েছে বাংলাদেশের।
২০১৭ সালের ১ জুন পর্যন্ত হালনাগাদ তথ্য নিয়ে ডুয়িং বিজনেস প্রতিবেদন গতকাল মঙ্গলবার সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ২০০৩ সাল থেকে প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করে আসছে ওয়াশিংটনভিত্তিক বহুজাতিক সংস্থাটি। একজন উদ্যোক্তার জন্য একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন কিংবা কতটা সহজ সে বিষয়টিই মূলত এ প্রতিবেদনে তুলে ধরা হয়।
ব্যবসার পরিবেশকে ১০টি সূচকের ওপর ভিত্তি করে স্কোর করা হয়। একই সঙ্গে ১৯০টি দেশের মধ্যে কোন দেশের অবস্থান কততম সেটি নির্ধারণ করা হয়। ওই সব সূচকে কার অবস্থান কোথায় সেটিও দেখানো হয় প্রতিবেদনে। যে ১০টি সূচকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয় সেগুলো হলো ব্যবসা শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন এবং অসচ্ছলতা দূরীকরণ।
এ বছর বাংলাদেশ স্কোর পেয়েছে ৪০.৯৯। আগের বছর স্কোর ছিল ৪০.৮৫। সে হিসাবে এক বছরে স্কোর বেড়েছে ০.১৫। বিশ্বব্যাংক বলছে, বিদ্যুত্ সংযোগ সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে, ১৮৫তম। সম্পত্তি নিবন্ধনেও একই অবস্থানে (১৮৫) বাংলাদেশ। চুক্তি সম্পাদনে ১৮৯তম। এ ছাড়া অবকাঠামো নির্মাণের অনুমতি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩০তম।
ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের চেয়ে ওপরে আছে পাকিস্তান ১৪৭তম, শ্রীলঙ্কা ১১১তম। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা শুরু করার খরচ বেড়েছে। জয়েন্ট স্টক কম্পানিতে নিবন্ধনের জন্য গেলে ব্যবসা শুরু করার খরচ বাড়ানো হয়েছে। ব্যবসা পরিবেশ শুরু করা সূচকে বাংলাদেশের অবস্থান ১৩১তম। কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য সূচকে বাংলাদেশের অবস্থান বেশ পিছিয়ে।
আপনার মন্তব্য