১২ নভেম্বর, ২০১৭ ০১:০৬
যে ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে পাগলাপীরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে, সেই আইডি খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
তিনি বলেন, আমাদের এখানে উচ্চ পর্যায়ে প্রযুক্তি সুবিধা নেই। তাই অভিযুক্ত টিটু রায়ের ফেসবুক আইডি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের প্রযুক্তির জন্য ঢাকার সহযোগিতা চাওয়া হয়েছে।
মিজানুর রহামন বলেন, আমাদের ধারণা টিটু রায়ের ফেসবুক আাইডি ব্যবহার করে অন্য কেউ ধর্ম অবমাননার কাণ্ডটি ঘটিয়েছে।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শুক্রবার সদর উপজেলার পাগলাপীর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কমপক্ষে আট থেকে ১০টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে অন্তত আরো ১০টি হিন্দু বাড়ি।
বিক্ষোভকালে রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সদর থানা ও গঙ্গাচড়া থানায় করা দুই মামলায় অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
আপনার মন্তব্য