২৪ নভেম্বর, ২০১৭ ১৮:০৫
নিজস্ব বিবেচনায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এর সঙ্গে সরকারের কোনো প্রভাব নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে সেক্টর লিডারদের দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে, আমি মনে করি এটি খুবই সামান্য এবং মামুলি ব্যাপার; জনজীবনে এর প্রভাব পড়বে বলে মনে করি না। দাম বৃদ্ধির কাজটি বিইআরসি নিজস্ব বিবেচনা থেকে বাড়িয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো প্রভাব নেই।
তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন নিশ্চয় সবদিক বিবেচনা করেই এই দাম বাড়িয়েছেন। বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারকে চার হাজার কোটি টাকার মতো ভর্তুকি দেওয়া লাগবে। সরকার এটাকে ভর্তুকি বলেনা, এটাকে বলা হয় মানুষের আর্থ সামাজিক উন্নয়নে একটা বিনিয়োগ।
“গ্রামে-গঞ্জে লাইফ লাইন গ্রাহকদের বিদ্যুতের বিল বাড়েনি। নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের বিল সামান্য বেড়েছে। মিনিমাম চার্জ একটা নেওয়া হত, সেটাকে রহিত করা হয়েছে। সামঞ্জস্যকরণ করা হয়েছে। মামুল একটু বৃদ্ধি করা হয়েছে।”
একই অনুষ্ঠান শেষে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, এখন বিদ্যুতের যে দাম বৃদ্ধি হয়েছে তা গড়ে ৫ শতাংশের বেশি হবে না। তাহলে এটি খুব বেশি কিছু নয়। তবুও হয়ত কিছুটা অ্যাফেক্ট পড়বে গ্রাহক পর্যায়ে। আমি মনে করি এটি সহনীয়।
নতুন হারে আবাসিকে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের খরচ বাড়বে ১৫ টাকা, ১৫০ ইউনিটে ৪৮ টাকা, ২৫০ ইউনিট পর্যন্ত ৯০ টাকা, ৪৫০ ইউনিট পর্যন্ত ১৯৬ টাকা এবং ১০০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়বে ৬০৪ টাকা। তবে ন্যূনতম বিল তুলে দেওয়ায় কম বিদ্যুৎ ব্যবহারকারীদের খরচ কমবে। ১৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাঁচবে ১৭ থেকে ২২ টাকা।
দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে; পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।
তিনি বলেন, “যেকোনো ধরনের এডজাস্টমেন্টেই কিছুটা প্রভাব থাকে। কিন্তু সেটা সহনীয় কিনা সেটা হল প্রশ্ন। বার্ক (বিইআরসি) সব যুক্তি তর্ক শুনে মনে করছে যে এটা এফর্ডেবল। এখানে আমার কোনো বক্তব্য নেই।
“আমি মনে করি এডজাস্টমেন্টটা আমাদের দরকার ছিল। তারা যেটা করেছে, আমার মনে হয় এটা সহনীয় পর্যায়ে থাকবে।”
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নয় বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত আট বার বাড়ানো হল বিদ্যুতের দাম।
আপনার মন্তব্য