২৫ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৭
মানব পাচারের অভিযোগে বাংলাদেশি এক চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার গোয়েন্দা পুলিশ। অনন্য মামুন নামের ওই চলচ্চিত্র নির্মাতাকে রোববার দিবাগত রাত ১২টায় গ্রেপ্তার করা হয়। এসময় শ্যাম নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করে দেশটির পুলিশ। অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া ৫৭ জনকে এসময় গ্রেপ্তার করা হয় বলে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় সময় কুয়ালালামপুরের ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইটস’। সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাতে মালয়েশিয়া যান বাংলাদেশের একঝাঁক তারকা। এই তারকাদের সঙ্গেই পাচার হয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি। তাদেরকে ‘শিল্পী’ ভিসা দিয়ে নেয়া হয়েছিলো মালয়েশিয়াতে। কিন্তু সেখানে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্যে গড়মিল পাওয়ায় ইমিগ্রেশনের সময়ই ১৫ জনকে আটক করে স্থানীয় গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে গতকাল রোববার রাতে কুয়ালালামপুরের পুত্রী হোটেল থেকে আরও ১৫ জন ও আরও বেশ কিছু অভিযানে সর্বমোট পাচার হওয়া ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আটক হন পরিচালক অনন্য মামুন ও মালয়েশিয়া প্রবাসী শ্যাম নামে এক বাংলাদেশি।
দেশটির পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের আড়ালে অবৈধভাবে ৫৭ জনকে মালয়েশিয়ায় নিয়ে এসেছেন অনন্য মামুন ও তাদের সহযোগীরা। প্রত্যেকের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার করে টাকা নেয়া হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না সেটা খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য