সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩০

ডিএনসিসি’র নির্বাচনে পেছাচ্ছে এসএসসির দুই দিনের পরীক্ষা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার নির্বাচন ভবনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছানোর অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে সম্মত হয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর ওই পরীক্ষা দুটির মার্চে নতুন তারিখ দেওয়া হবে বলেও বোর্ড চেয়ারম্যানদের বরাত দিয়ে জানান তিনি।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট গ্রহণের কথা রয়েছে। এজন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত