০১ জানুয়ারি, ২০১৮ ১৪:১২
ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার (১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশাল এলাকাজুড়ে অনুষ্ঠিত এই মেলায় এবার মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা খুঁজে নিতে পারবেন তাদের পছন্দের স্টল। সহজেই খুঁজে নেয়া যাবে পছন্দের প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁসহ অন্য আয়োজনের স্থান।
মেলার সদস্য সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফ্যাইনান্স) মোহাম্মদ আবদুর রউফ বলেন, বাণিজ্য মেলাকে ডিজিটালাইজড করতে আমরা প্রথমবারের মতো অ্যাপ চালু করছি। ডিআইটিএফ২০১৮ (ditf2018) নামের অ্যাপটির মাধ্যমে ক্রেতা ও দর্শনার্থীরা তাদের পছন্দের স্টল খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
ইপিবির কর্মকর্তারা জানান, অ্যাপটি এবার প্রথম চালু হচ্ছে। তাই মেলায় অংশ নেয়া স্টল ও মানচিত্র দেয়া হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীরা স্টল বা প্যাভিলিয়নের নাম লিখে সার্চ করলেই প্রতিষ্ঠানটি কোন জায়গায় আছে তা জানতে পারবেন। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ অর্থাৎ এ (A) লিখে জানতে পারবেন ‘এ’ দিয়ে যেসব প্রতিষ্ঠানের নাম রয়েছে। এভাবে সিরিয়ালি বাকি বর্ণগুলো দিয়ে অন্য প্রতিষ্ঠানের তথ্য পাবেন। এছাড়া পুরো মেলার মানচিত্র এ অ্যাপে রয়েছে। সবচেয়ে বড় কথা, মেলাতে যে যেখানেই অবস্থান করুন না কেন সবাই থাকবে এক মানচিত্রের মধ্যে।
স্টল ছাড়া অ্যাপটিতে নির্দিষ্টভাবে গুগল মানচিত্রের সাহায্যে খাবারের দোকান, ওয়াশরুম, টিকিট কাউন্টার, পুলিশ ডেস্ক ও হেল্প বুথের খোঁজও পাওয়া যাবে। মোবাইল অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।
আপনার মন্তব্য