সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ১৯:০৬

মোস্তাফা জব্বারসহ চারজন মন্ত্রী হচ্ছেন

সরকারের শেষ বছরে পরিবর্তন আসছে মন্ত্রীসভায়। মন্ত্রিত্ব পাচ্ছেন মোস্তাফা জব্বারসহ চারজন। তাদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হচ্ছেন। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও লক্ষীপুর- ৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামালও মন্ত্রিত্ব পাচ্ছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বারও বঙ্গভবনে ডাক পেয়েছেন বলে জানা গেছে।

তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এমপিরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের শপথ নেয়ার জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে বলে জানা গেছে।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সাংবাদিকদেরকে বলেন, ‘আমাকে দুপুর দুইটা/আড়াইটার দিকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ফোন করে আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’

লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল সাংবাদিকদেরকে বলেন, আমাদের ডাকা হয়েছে। আগামীকাল সাড়ে ছয়টায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। শাহাজাহান কামাল দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। আর রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী চারবার এমপি নির্বাচিত হয়েছেন। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত।

আপনার মন্তব্য

আলোচিত