০৩ জানুয়ারি, ২০১৮ ১৫:১৯
সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছেন।
বুধবার (০৩ জানুয়ারি) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ওই আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সংবাদ মাধ্যমকে বলেন, আদালত গেজেটটি গ্রহণ করে আদেশ দিলেও মাজদার হোসেন মামলাটি চলমান রেখেছেন।
এর আগে সুপ্রিম কোর্ট বারবার সময় নিলেও বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধির গেজেট প্রকাশ হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও আলোচনায় বসার কথা বলেছিলেন।
গত ৮ অক্টোবর এ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এ কথা বলেন। পরে আদালত গেজেট প্রকাশের জন্য ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে বিষয়টি মুলতবি করেন।
শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে চার সপ্তাহে সময় চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে ৮ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশের সময় বেঁধে দিয়েছিলেন। ৬ আগস্ট দুই সপ্তাহ সময় দিয়ে আলাপ-আলোচনা করার কথা বলেছিলেন সর্বোচ্চ আদালত। কিন্তু সরকার ও আদালতের মধ্যে কোনো আলোচনা হয়নি।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
এরপর সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। পরে ২৭ জুলাই বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।
আপনার মন্তব্য