০৭ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৫
সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিল ও বিলাসবহুল গাড়ি কেনায় দুই কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই দিন নির্ধারণ করেন। ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান।
এর আগে আজ রোববার (৭ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন আদালত।
এর আগে গেলো ১৮ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সেদিনও প্রতিবেদন দাখিল করেনি তদন্ত সংস্থা।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩১ জুলাই শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলাটি দায়ের করেন।
এর আগে গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি তদন্ত দল মুসার ব্যবহৃত একটি ‘রেঞ্জ রোভার ভোগ’ মডেলের গাড়ি আটক করে। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে শুল্ক পরিশোধের ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। ওই বিল অব এন্ট্রিতে ১৭ লাখ টাকা শুল্ক প্রদানের তথ্য উল্লেখ করা হয়।
কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, এ সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি। এভাবে মুসা ওই গাড়িটি বাবদ প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা শুল্ক ফাঁকি দেন।
এছাড়া মুসা দুদকে তার বার্ষিক টার্নওভার এর বিষয়ে লিখিত বক্তব্যে ‘সুইস ব্যাংকে রক্ষিত ১২ বিলিয়ন মার্কিন ডলার বা ৯৬ হাজার কোটি টাকা জব্দ আছে’মর্মে উল্লেখ করেছেন। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের স্বপক্ষে কোনো ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কোনো প্রমাণ দাখিল করা হয়নি।
আপনার মন্তব্য