০৯ জানুয়ারি, ২০১৮ ১১:৩৬
জাতীয়করণের দাবিতে গত আট দিন ধরে অবস্থান ধর্মঘট পালনের পর আজ থেকে আমরণ অনশন পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা।
এদিকে আজ অষ্টম দিনের মাথায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ইবতেদায়ী মাদরাসার শিক্ষক শিক্ষিকারা যোগ দেন। দাবি আমাদের একটাই জাতীয়করণ করতে হবে, রাজপথ ছাড়ব না বেতন ছাড়া যাব না, বেতন দিন নইলে মেরে ফেলুন, পাঠদান করি বেতন পাব না কেন, বিমাতাসূলভ আচরণ মানি না মানব না প্রভৃতি স্লোগান লেখা পোস্টার নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনশনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান বলেন, আমরা বিগত ৮ দিন ধরে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। এসময় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি। তাই আমরা এখন থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলাম। জাতীয়করণের দাবি মেনে না নেয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, আজ যদি কোনো শিক্ষক অনশন করে মৃত্যুবরণ করেন তাহলে জাতির কাছে সরকারের জবাবদিহিতা করতে হবে। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। আমরা আপনাদের সমালোচনা করতে আসিনি। এই শীতে শিক্ষকরা আর কত রাস্তায় বসে থাকবে। আমরাও আমাদের স্বজনদের কাছে ফিরে যেতে চাই।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কোনো কথায় আর আস্বস্ত হবো না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা শুনতে চাই। অন্যথায় আমরা আমরণ অনশন চালিয়ে যাবো।
আন্দোলনরত শিক্ষকরা জানান, একই পরিপত্রে ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় ৫০০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী ৫ম শ্রেণির কার্যক্রম একই হলেও ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার।
এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সরকারের থেকে কোনো বেতন পান না।
মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থলে গিয়ে দেখা যায়, প্রেস ক্লাবের মূল গেটের পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষক।
‘বেতন দাও নইলে ভাতদে, মোগো বেতন নইলে বিষ,’ ‘বেতন বঞ্চিত ৩২ বছর, আমরা খুব কষ্টে আছি’, ‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশনাই’, এ ধরনের নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে দাবি পূরণের পক্ষে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সারাদেশ থেকে আসা মাদরাসা শিক্ষক-শিক্ষিকারা।
প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত পহেলা জানুয়ারি সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। এখন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন।
আপনার মন্তব্য