সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৬

সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

সরকারের চার বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী ১২ জানুয়ারি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিতব্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সরকারের চার বছরের উন্নয়ন ও সাফল্য গাথাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলতে ‘পিতার স্বপ্নে কন্যার আহ্বানে কোটি মানুষের মিছিল চলেছে মুক্তির অভিযানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
 
ওইদিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, শুক্রবার দুপুর ২টায় আর্মি স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টার পর সব প্রবেশ গেইট বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী জানান, শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও ব্যান্ডদল দলছুট, চিরকুট, সোলস গান পরিবেশন করবে। এছাড়া ব্যান্ড শিল্পী জেমস এবং সাংসদ মমতাজ সংগীত পরিবেশন করবেন।

দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে জানিয়ে মন্ত্রী বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

জানা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে www.fourthyearcelebration.com ওয়েবসাইট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রিন্টআউট দেখিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে। ৩০ হাজার মানুষ রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

আপনার মন্তব্য

আলোচিত