সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৮ ২১:১২

শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

বুধবার (১০ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান। খবর ইউএনবির।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এ ভাষণ একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলোতে প্রচার করা হবে।

বুধবার নিজ মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আরও জানান,সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর এই ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের সব বিষয় থাকবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের চার বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানান মন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জোট সরকারের মন্ত্রীসভার সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি। সে হিসেবে শুক্রবার আওয়ামী জোট সরকার তাদের চার বছর পূর্ণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত