১০ জানুয়ারি, ২০১৮ ২১:৩৬
জাতীয় পার্টির (জাপা) নারী সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ ও তার স্বামী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণগ্রহণের অভিযোগে দুটি মামলা হয়। তাঁরা দুজনই স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এমপি মাহজাবিন, মোরশেদ মুরাদসহ অন্যদের আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ২০১০ সালে আইজি নেভিগেশন লিমিটেডের নামে বেসিক ব্যাংক থেকে ১৪১ কোটি ১ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা ১১ পয়সা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে মাহজাবিন ও মোরশেদের সঙ্গে আসামি হয়েছেন একই প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ মোজাফফর আহমেদ এবং বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম।
অপর মামলায় ২০০৯ সালে ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিংয়ের নামে ওই ব্যাংক থেকে ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা ১৭ পয়সা ঋণের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় মোরশেদ মুরাদের সঙ্গে আসামি হয়েছেন বেসিক ব্যাংকের আরেক সাবেক এমডি সাজেদুর রহমান।
মেহজাবিন মোরশেদ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে সংসদ সদস্য হন তিনি।
আপনার মন্তব্য