সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১৬:৩০

আ. লীগ নেতা হত্যার দায়ে ইউপি চেয়ারম্যানসহ নয়জনের ফাঁসির আদেশ

নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায়কে হত্যার দায়ে এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন খুলনার একটি বিশেষ আদালত।

রোববার দুপুরে মামলার সব আসামির উপস্থিতিতে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।

সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাস চন্দ্র রায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান মিনা ওরফে শহিদ, তার ভাই ইলিয়াস মীনা, শহিদুর রহমান মিনার ছেলে আসিকুর রহমান মিনা, রাসেল মিনা, হেদায়েত মোল্লা, ইয়াসিন মোল্লা, মামুন মিনা, বাশার মোল্লা ও রবিউল ইসলাম মোল্লা।

রাষ্ট্রপক্ষের কৌশলী এনামুল হক, আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ, রজব আলী সরদার ও মামুন রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী এড. এনামুল হক জানান,  ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভদ্রবিলার মীরা পাড়ায় ফারুখের চায়ের দোকানের সামনে প্রভাস চন্দ্র রায়কে আসামীরা ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পর নিহতের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে এই নয় আসামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। নয় আসামীর বিরুদ্ধে নড়াইল থানার এস আই ভবতোষ রায় চার্জশীট দালিখ করেন।

এড. এনামুল হক জানান, ইউনিয়ন চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয় লাভ করেন। আর নিহত প্রভাস চন্দ্র রায় দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা করেছিলেন।

মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আসামীর সাক্ষ্য শেষে রোববার নির্ধারিত দিনে রায় ঘোষণার পর আসামীর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। আর বাদী পক্ষ দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত