১৫ জানুয়ারি, ২০১৮ ১৪:১৭
মানহানির অভিযোগে লালমনিরহাটে চার বছর আগে দায়ের করা এক মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাই কোর্ট।
আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী; সঙ্গে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও বিপাশা চক্রবর্তী।
পরে আইনজীবী মেহেদী সাংবাদিকদের বলেন, ‘এটি একটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা। এ মামলায় অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে আজ জামিন দিয়েছেন।’
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন গত ২ জানুয়ারি এই মামলায় পরোয়ানা জারি করেন।
২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা: রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদের প্রকাশের পর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সে মামলাতেই জামিন নিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক-সম্পাদক।
আপনার মন্তব্য