সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৬

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকে নিয়োগ পরীক্ষা বাতিল

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকে নিয়োগের জন্য অনুষ্ঠিত ১২ জানুয়ারির পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক ডিএম আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় অব্যবস্থাপনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এতে প্রধান থাকবেন ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। আর সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের একজন করে প্রতিনিধি থাকবেন এ কমিটিতে। রাখা হবে অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।

তিনি বলেন, এ ছাড়াও ওই পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে জানতে হবে কিভাবে সুষ্ঠু পরীক্ষা নেওয়া হবে

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে রাজধানীর শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর জন্য পর্যাপ্ত বসার জায়গা ছিল না। মাত্র ৩০ জনের বসার ব্যবস্থা থাকা কক্ষে গাদাগাদি করে এক থেকে দেড়শ’ পরীক্ষার্থীকে বসতে দেওয়া হয়। লাইব্রেরি কক্ষ, সেমিনার কক্ষ, শিক্ষকদের মিটিং রুমে গাদাগাদি করে বসতে দেওয়া হয়। শিক্ষকদের অফিসরুম এমনকি প্রিন্সিপালের নিজের চেয়ারে বসতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। এরপরও শত শত পরীক্ষার্থী বাইরে দাঁড়িয়ে থাকেন। তারা জায়গা পাননি। এমন অব্যবস্থাপনার কারণে পরীক্ষার্থীরা কলেজটির দরজা-জানালা ভাঙচুর করে। পরীক্ষার প্রশ্নপত্র ও ওএমআর শিট ছিঁড়ে ফেলে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। আগামী ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন। অন্যদিকে দনিয়া এ কে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার নির্ধারিত সময়ের ১০ মিনিট পর প্রশ্নপত্র এসে পৌঁছায়।

আপনার মন্তব্য

আলোচিত