১৮ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৪
যশোর রোডকে চার লেনে উন্নীত করতে গিয়ে সেখান থাকা শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের ওপর ছয় মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৬ মাস সড়কটির গাছ কাটা যাবে না।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানির পর এ আদেশ দেন।
যশোর শহরের দড়াটানা মোড় থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণের জন্য ২ হাজার ৩০০ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। গত ৬ জানুয়ারি যশোরের জেলা প্রশাসকের সভাপতিত্বে এবং স্থানীয় সাংসদসহ অন্যান্য পদাধিকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমন সিদ্ধান্তের খবরে পরিবেশবাদীসহ সচেতন মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। মানুষ রাস্তায় নামেন, হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
আপনার মন্তব্য