২৫ জানুয়ারি, ২০১৮ ০১:৫২
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য পদ্মা সেতু টোল ফ্রি করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় মন্ত্রী একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে নাকি উঠা যাবে না। পদ্মা সেতুর কাজ শুরু নয় শেষও হবে শেখ হাসিনার অধীনেই।’ খালেদা জিয়া ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের দেওয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার মরে গোরস্থানে চলে গেছে। কোনোদিন আর ফিরে আসবে না। তাই শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে এবং শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাইরে কোনো কিছু হবে না।’
বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থমকে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। তাই খুব বুঝে শুনে ভোট দিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা পরিষদের পাশের পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। ২০১৪ সালে ৯ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় হয় ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা। এর নির্মাণকাজ শেষ করে ২০১৬ সালের নভেম্বরে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য