২৫ জানুয়ারি, ২০১৮ ০১:৫৬
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। আগামী ২৫ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বুধবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এই দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের বছরের ৭ আগস্ট দুপুর ১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে ধর্মীয় সন্ত্রাসীরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ব্লগারকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী আশা মনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
আপনার মন্তব্য