সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ১৩:১০

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫টি চুক্তি-সমঝোতা সই

সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রোববার (২৮ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা সই হয়। এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয়।

সরকারি পর্যায়ে ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানি করার জন্য গতবছর সেপ্টেম্বরে জাকার্তায় একটি সমঝোতা স্মারকে সই করেছিল এই দুই দেশ।

এর ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর  এলএনজি কেনা-বেচার বিষয়ে একটি আগ্রহপত্রে সই করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ইন্দোনেশিয়ার জ্বালানি বিভাগ পেরতামিনার ভাইস প্রেসিডেন্ট উইকো মিড়নাতারো।

চুক্তিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেতনো মারসুদি ছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সই করেন।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখান থেকেই সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেখানে জোকো উইদোদোকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় আসেন জোকো। সফর সূচি অনুযায়ী, আজ (রোববার) কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন তিনি।

খবর: বাসস।

আপনার মন্তব্য

আলোচিত