সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ২২:১২

হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত প্রতিবেদন ৬ মার্চ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ দিন পুলিশ তা দাখিলে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই পুলিশসহ দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় আইন-শৃংখলা বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ড’-এ পাঁচ জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুজন শ্রীলংকানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, রাকিবুল হাসান রিগ্যান, রাজীব গান্ধী, 'হাতকাটা' সোহেল মাহফুজ ও রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ কারাগারে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত