সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৫

অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রুল

সারাদেশে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও মাধ্যমিক শিক্ষা অধিদফতরের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইনজীবী মোহম্মদ ফরিদুল ইসলাম ফরিদ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন । এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী শামছুন নাহার লাইজু ও নিলুফার ইয়াসমিন।

পরে ফরিদুল ইসলাম ফরিদ সাংবাদিকদের বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলছে। অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক সরকারের দেওয়া বিনামূল্যের বই ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রি করে। এমনকি ময়মনসিংহের চায়ের দোকান থেকেও ওইসব বই উদ্ধার করা হয়েছে। পরে এই ঘটনায় ময়মনসিংহের আদালতে একটি ফৌজদারি মামলা হয়।"

তিনি আরো বলেন, বিনামূল্যের বই বাজারে ছড়িয়ে পড়ার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়। এরপর স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে। এমনকি এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে একটি আইনি নোটিশ পাঠায়। কিন্তু সেই নোটিশের কোনও জবাব না পেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেন।

গত রোববার (২৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় লেখিকা অহনা নাসরিন ও মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থার ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা রিট দায়ের করেন। এরইপ্রেক্ষিতে আদালত আজ সোমবার রুল জারি করেন।

আপনার মন্তব্য

আলোচিত