সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ২২:৪৯

ফরহাদ মজহার দম্পতির ৮ সপ্তাহের জামিন

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে ডিবি পুলিশের প্রসিকিউশন মামলায় আট সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করায় ডিবি পুলিশ এই প্রসিকিউশন মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে।

সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন। আইনজীবী মো. আসাদুজ্জামান আদালতে ফরহাদ মজহার দম্পতির পক্ষে ছিলেন।

গত বছরের ৩১ অক্টোবর ফরহাদ মজহারের অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের সত্যতা পাননি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলেন ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম।

সেদিন তিনি মিথ্যা অভিযোগ দায়েরের জন্য ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় প্রসিকিউশন মামলা দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি চান।

পরে ৭ ডিসেম্বর তা মঞ্জুর করেন আদালত। তারই প্রেক্ষিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ডাকযোগে ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম মামলাটি ঢাকার সিএমএম আদালতে পাঠান।

২০১৭ সালের ৩ জুলাই সকালে ফরহাদ মজহার তার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে অপহৃত হন বলে অভিযোগ করেন তার স্ত্রী ফরিদা আক্তার। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশি তদন্তে তার অবস্থান শনাক্ত করে ৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব।

পরবর্তীতে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। উদ্ধারের পর ফরহাদ মজহার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ফরহাদ মজহার নিজ জিম্মায় বাসায় যাওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

আপনার মন্তব্য

আলোচিত