সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:০৮

১৬ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে চান অর্থমন্ত্রী

দেশের সব মানুষকে পেনশনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত ডিজিটাল সিস্টেমে পেনশন স্থানান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের ১৬ কোটি মানুষ যাতে জাতীয় পেনশন পদ্ধতির আওতাভুক্ত হয় সে ব্যবস্থা করা হবে। আগামী বাজেটে জাতীয় পেনশন পদ্ধতির একটি রূপরেখা ঘোষণা করা হবে, যার আওতায় থাকবে ১৬ কোটি মানুষ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, 'আমি আগেও বলেছি— আমরা চিন্তা করছি পেনশন সিস্টেম ফর দ্য হোল নেশন। আমি সেটার রূপরেখা আগামী বাজেটে অ্যানাউন্স করবো। এটা ইমিডিয়েটলি ইন্ট্রডিউস হবে না, বাট উই শ্যাল অ্যানাউন্স দ্য আউটলাইন অব দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা নিয়ে কাজ হচ্ছে। এভরি পারসন ইন দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড।'

অর্থমন্ত্রী বলেন, 'ইট ইজ ইন কিপিং উইথ দ্য ফিলোসফি অব দ্য স্টেট, কারণ এখন ফিলোসফি হল— যত সিটিজেনস আছে সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। ইট ইজ ইউনিভার্সেল পেনশন, যেটা আমরা মোর অর লেস কমিটেড, ওভার পিরিয়ড অব টাইম— হয়তো সেটা হবে।'

এখন দেশে ৬ লাখ ৯৭ হাজার ২১২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন জানিয়ে মুহিত বলেন, এখন থেকে পেনশনের টাকা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে চলে যাবে। আর সে তথ্য মোবাইল ফোনে চলে যাবে এসএমএসের মাধ্যমে। এখন থেকে আর কাউকে পেনশনের হিসাব করা, পেনশনের অর্থ উত্তোলন নিয়ে চিন্তা করতে হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থ সচিব মুসলিম চৌধুরী, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত