সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:০৬

‘সোহেল গ্রেপ্তার নন, এটা বিএনপির অপপ্রচার’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পুলিশ সোহেলকে গ্রেপ্তার করেনি। বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো আসছে তা সত্য নয়। আমি সব ইউনিটের সঙ্গে কথা বলেছি, কেউ তাকে গ্রেপ্তার করেনি। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকম অপপ্রচার চালানো হচ্ছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে ডিএমপি'র হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিএনপির পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অপপ্রচার।

তিনি বলেন, কেউ যদি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়, তাহলে কেউ বাধা দিবে না। তবে যদি কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে, তাহলে ছাড় দেওয়া হবে না। শক্তহাতে দমন করা হবে। মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ৮ ফেব্রুয়ারির একটি রায়কে কেন্দ্র করে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে নানা গুজব ও শঙ্কার কথা শুনেছি। পুলিশ জানমালের নিরাপত্তা দেবে, নগরবাসীকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি পুলিশের রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। রায়কে কেন্দ্র করে কোনো ব্যক্তি জ্বালাওপোড়াও-ভাঙচুর করতে পারবে না। শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে- এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত