সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ২০:৫২

প্রস্তুত কারাগার

ফাইল ছবি

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে কারা কর্তৃপক্ষ।

সাজা হলে খালেদা জিয়াকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় নারী কারাগারে (কাশিমপুর-৩) রাখার কথা ভাবা হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা। তিনি জানান, ওই কারাগারেই ভিআইপি নারী বন্দী রাখার যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে। সেখানকার নিরাপত্তাব্যবস্থাও বেশ ভালো। তবে সেখান থেকে ঢাকার আদালতে আনা-নেওয়ার পথ ঝুঁকিমুক্ত নয় বলে মনে করেন তিনি। গত মঙ্গলবার থেকে কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কারাগারে সর্বোচ্চ (ডিভিশন) সুবিধা পাবেন। এসব মাথায় রেখেই তৎপরতা শুরু হয়েছে। তবে বিষয়গুলো নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলেও জানান এক কারা কর্মকর্তা।

এদিকে, কারাগারের আরেক কর্মকর্তা জানান নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের " শিশু ডে কেয়ার" কক্ষটি ও নারী সেলের নীচ তলা ও দোতলার দুটি কক্ষ পরিষ্কার করা হয় এবং ফ্যান লাগানো হয়েছে। খালেদা জিয়াকে এই কারাগারে রাখা হলে তাঁর তত্ত্বাবধানে দুজন ডেপুটি জেলার থাকবেন। একজন নারী ডেপুটি জেলার কারাগারের ভেতরে আরেক পুরুষ ডেপুটি জেলার বাইরে থাকবেন। সার্বক্ষণিক একজন চিকিৎসকও থাকবেন। ওই কারাগারের ভেতরে দায়িত্ব পালনের জন্য কয়েকজন দক্ষ ও পুরোনো কারারক্ষীকে দায়িত্ব দেওয়া হবে বলে বাছাই করা হয়েছে।

ঢাকার নাজিমুদ্দিন সড়ক থেকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই শিথিল ছিল। অনুসন্ধান বিভাগে একজন কারারক্ষী আর বাইরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকজন সদস্য ছাড়া নিরাপত্তার তেমন কড়াকড়ি পুরনো কারা ভবনে দেখা যেত না। গত কয়েকদিনে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, পুরান ঢাকার বকশীবাজার নাজিমুদ্দিন সড়ক ঘিরে ৮ ফেব্রুয়ারি থাকবে বিশেষ নিরাপত্তা। তবে কারাগারের কর্মকর্তাদের মতো পুলিশের কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

আপনার মন্তব্য

আলোচিত