সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০৪

জামায়াতের হাত ছাড়ল ইসলামী আন্দোলন, ভোটে ধর্মীয় দলগুলোর ‘এক বাক্স’ হচ্ছে না

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়লেও আসন বিষয়ক সমঝোতা না হওয়ায় একক ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রতীক হাতপাখা।

এরফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর বহুল আলোচিত বহুল আলোচিত ‘এক বাক্স’ নীতি অনুসরণ হচ্ছে না। নির্বাচনের আলোচনা শুরুর পর ধর্মভিত্তিক দলগুলো জামায়াতের নেতৃত্বে জোট গড়েছিল, ধর্মীয় ভোটগুলো এক বাক্সে পড়বে বলে প্রচারও করেছিল। তবে আসন বিষয়ক সমঝোতা না হওয়ায় এক বাক্স নীতি শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান দলের এ সিদ্ধান্তের কথা জানান।

দলের নির্বাচনী আসন সমঝোতা বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন বলেন আতাউর রহমান।

তিনি বলেন, এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবে। একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবে না।

৩০০ আসনের মধ্যে বাকি ৩২টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি-আদর্শের সঙ্গে মিল রয়েছে, এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়।

জামায়াতের নেতৃত্বাধীন ‘১১ দল’–এ ইসলামী আন্দোলনও ছিল। তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানাপোড়েন কয়েক দিন ধরে আলোচনায়ছিল।

টানাপোড়েন, দেনদরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল আসন সমঝোতায় পৌঁছায়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সেখানে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এরপর আজ সেই জোট ছাড়ার সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন।

আপনার মন্তব্য

আলোচিত