২৩ জানুয়ারি, ২০২৬ ১৪:৪৯
ঢাকার সব আসনে জামায়াতের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। তিনি বলেন, আমরা ভেসে আসি নাই, আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় এসেছি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াতের একজন প্রার্থীর একটি মন্তব্যের প্রেক্ষিতে ইশরাক হোসেন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, এ ধরনের একটা মন্তব্য ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছেন। আমি বলব এই কথাগুলো এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে শুধুমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য।
ইশরাক হোসেন বলেন, তারাও জানে যে ঢাকা শহরের সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধু তাদের নেতাকর্মীদের সাহস জাগানোর জন্য তারা করছে। আর যদি তাদের অন্য কোনও চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে বলে দিতে চাই, ইলেকশনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেব।
আপনার মন্তব্য