সিলেটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৪:১২

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার রাতে তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা এ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি ১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তাতে অভিনন্দন জানান।

সাধারণ নির্বাচনে বিএনপির এ ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ের জন্য পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। বার্তায় আরও বলা হয়, ‘দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য পারস্পরিক সার্বভৌম সমতার পূর্ণ সম্মান বজায় রেখে বাংলাদেশ নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। যাতে পারস্পরিক উপকারী দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়। তাদের উষ্ণ ও আন্তরিক আলোচনায় উভয় নেতা খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অসামান্য অবদান ও দুই দেশের জনগণকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিও শ্রদ্ধা জানান উভয় নেতা।

এদিকে তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন শাহবাজ। এসময় তারক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উভয় নেতা দুই দেশের জনগণের কল্যাণে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

আপনার মন্তব্য

আলোচিত