সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০২৬ ০২:৩১

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকড়াও করে জিজ্ঞেস করব— হু আর ইউ: নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রূপগঞ্জের সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের আর কোনো নেতা-কর্মীর ওপর যদি আপনারা হামলা করেন, তাহলে আমরাও আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে মিলেমিশে থাকার চুক্তি থেকে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি, কীভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়।

রূপগঞ্জে হামলার পুনরাবৃত্তি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকড়াও করে জিজ্ঞেস করব, হু আর ইউ? তুমি কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? তোমার স্বরাষ্ট্র মন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে। তুমি বলো সংবিধানের কথা, কোন সংবিধান তোমাকে হামলার অধিকার দিয়েছে? বাংলাদেশের সংবিধান কথা বলার অধিকার দিয়েছে। সংবিধানের কথা বলে তুমি আমার অধিকার কেড়ে নিতে চাইলে তুমি সংবিধানের নামে ভুয়া, বাটপারি করছো।

শনিবার (৬ জুন) বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। কিন্তু অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে মঞ্চে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন এনসিপি নেতা-কর্মী আহত হন।

এনসিপি নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায়। আগের রাতেও অনুষ্ঠানস্থলে একই লোকজন হামলা করে প্যাণ্ডেল ছিঁড়ে ফেলে।

হামলার ব্যাপারে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গতরাত থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল। তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।

হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সেখানে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের আগে ও পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, রক্তের উপর দিয়ে হলেও বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়ব। রক্তের উপর দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করে ছাড়ব।

রূপগঞ্জের অনুষ্ঠানে দুইবার হামলার কথা বলে তিনি বলেন, আমাকে অনেকে জানের রিস্ক আছে বলেছেন, এখানে আসতে নিষেধ করেছেন। আমার সহযোদ্ধারা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব, এটা হবে না। আমরা হাসিনার মতো গুণ্ডাপাণ্ডাকে ঠান্ডা করে আসছি, নতুন কোনো গুণ্ডাপাণ্ডাকে ভয় পাই না। আপনি শয়তানি কাজ করলে, আমরা শয়তানের বিরুদ্ধে আছি। আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না।

এ সময় এনসিপি নেতা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে কথা ছিল, আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের পর বিএনপি সরকার পল্টি মেরেছে।

এ সময় এনসিপি জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত