সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০২৬ ১১:৩৮

৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে পেলেন ১২ ঘণ্টা, স্বামীকে শেষবিদায় জানাতে মুক্ত দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার হতে ১২ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজনভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানীর কলাবাগানের উদ্দেশ্যে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি। তবে তার সঙ্গে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনি পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন মুক্তির পর ঢাকার কলাবাগানে যাবেন তিনি। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত