০৬ অক্টোবর, ২০২০ ২০:৩১
'পথে নামো আওয়াজ তোলো, অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও'- এমন আহ্বানে দেশে একের পর এক ধর্ষণকান্ডের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'দুস্কাল প্রতিরোধে আমরা' ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।
এই কর্মসূচীর আহ্বান জানিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। এতে বলা হয়- পথে সবাইকে নামতে হবে। পথে নামুন। আমরা অশুভ সময় অতিক্রম করছি। প্রতিনিয়ত অন্যায়-অনাচার-অবিচার-নৃশংসতা আমাদের এই প্রিয় মাতৃভূমি'কে গ্রাস করছে। আমরা দেখছি আর হতাশায় ক্লিষ্ট হচ্ছি। এ পরিস্থিতির জন্য আমরা সবাই অভিযুক্ত। ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কাঠগড়ায় দাড় করাবে। আমরা এই দুষ্কাল উত্তরণে কিছুই করতে পারছি না। যা করছি, তা 'প্রসাধনী আন্দোলন'। দূর্বৃত্তদের সীমাহীন উদ্ধত্যের বিরুদ্ধে 'প্রসাধনী আন্দোলন' চলবে না। সম্মিলিতভাবে পথে একত্রে সবার দাঁড়াতে হবে। আওয়াজ দিতে হবে- থামাও অন্যায়-অনাচার-অবিচার-নৃশংসতা।
৭ অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেদনায় ক্লিষ্ট সকল নাগরিককে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন পথে নামার দিনে পথে নামি। ইতিমধ্যে রাজপথে প্রতিবাদ কর্মসুচি নিয়ে অবস্থানরত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনেরনেতা-কর্মীদেরকেও পাশে চাইছি। ব্যানার নয়, বক্তব্যে নয়, সম্মিলিত অংশগ্রহণে সুদিন ফিরিয়ে আনি।
আপনার মন্তব্য