০৮ অক্টোবর, ২০২০ ০০:৫৬
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এবং ঢাকায় ধর্ষণ বিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মনি’র সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউয়িনের সাবেক সভাপতি ও জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সদস্য মহিমা আক্তার, ছাত্র ইউনিয়ন নেতা মো. বিনয় আমিন, মো. গাজি মিয়া প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের নিরাপত্তা বাহিনী খুব দ্রুততার সঙ্গে অপরাধীদের ধরেছে। নোয়াখালীর ঘটনায় আমরা দেখেছি, ৩২ দিন পর ফেসবুকে ভিডিও ভাইরাল হলে তাদেরকে ধরা হয়েছে। এই অপরাধীরা যে পরিমাণ সাহসের সঙ্গে কাজটি করেছে, তাতে বোঝা যায় এরা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’
বক্তারা আরও বলেন, ‘নিরাপত্তাবাহিনীর নিরপেক্ষ থাকার কথা ছিল, মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ। এই দেশে কোনো নারী পুলিশের কাছে বিচার চাইতে যেতেও ভয় পায়। এ কারণেই ৩২দিন পর্যন্ত এই নির্মম ঘটনা চাপা থাকল। স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক দায়সারা বক্তব্য দিচ্ছেন। এর আগে তিনি বলেছেন, সব দেশেই ধর্ষণ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।’
আপনার মন্তব্য