০২ মার্চ, ২০২৬ ২১:১১
পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ—এনডিবি।
সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মশাল মিছিলটি ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুনধারা বাংলাদেশ—এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, মো. বাবুল মিয়া, রুক মিয়া, মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, বাংলাদেশে স্বাধীনতার এত বছর পর এসেও পুলিশ-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে জীবন দিতে হচ্ছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার নাম ভাঙিয়ে ক্ষমতায় আসবার ষড়যন্ত্র করছে, তারাই আন্দোলনে নিরীহ মানুষকে হত্যার মত জঘন্য-নিকৃষ্ট দানবীয় উৎসবে মেতে উঠেছিল। গত আঠারো মাসেও সেই মানবতা বিরোধী হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে ছিলাম, এখনো আছি। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া অবধি রাজপথে থাকবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র তারুণ্য নির্ভর রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ—এনডিবি।
বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ আবু সাঈদের বাবার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আবু সাঈদের বাবার বক্তব্য অনুযায়ী তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন যেহেতু ছিল, লাশ কবর থেকে উঠিয়ে সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবি।
আপনার মন্তব্য