সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৬ ১৯:৩২

সিলেটে মেডিকেল গণহত্যা দিবস বৃহস্পতিবার, শ্রদ্ধা নিবেদন করবে ‘নাগরিক মৈত্রী’

৯ এপ্রিল সিলেটে মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবে ‘নাগরিক মৈত্রী সিলেট’।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেটের এ হাসপাতালে পাকিস্তানিদের বর্বরোচিত নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদসহ ৭ জন শহীদ হন।

প্রতি বছরের ন্যায় এবারও ৯ এপ্রিল সকাল সাড়ে দশটায় সিলেট নগরের চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।

‘নাগরিক মৈত্রী সিলেট’ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন ‘নাগরিক মৈত্রী সিলেট’র আহ্বায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ০৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার শামসুদ্দিন আহমদ ও ডাক্তার শ্যামল কান্তি লালাসহ অন্যরা যখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছিলেন তখন পাকিস্তানি বর্বর হানাদান বাহিনী চিকিৎসক-সহ অন্যান্যদের বর্বরোচিত হত্যা করে। চিকিৎসা সেবায় কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও অন্যদের হত্যার ঘটনা একটি বিরল ঘটনা।

আপনার মন্তব্য

আলোচিত