সংবাদ বিজ্ঞপ্তি

২৬ এপ্রিল, ২০২৬ ১৪:১৭

ব্রাদারহুড হিউমিনিটি অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ব্রাদারহুড হিউমিনিটি অর্গানাইজেশনের ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গুরকচি বাজারে একটি অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে নবগঠিত কমিটির দায়িত্ব বণ্টন সম্পন্ন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে এনাম উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে লুৎফুর রহমান দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত রয়েছেন এলাকার ৭ জন বিশিষ্ট ব্যক্তি। তাদের সম্মিলিত মতামত ও দিকনির্দেশনার ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করবেন এবং মানবিক উদ্যোগগুলোকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য মুরুব্বি, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম বলেন, ব্রাদারহুড হিউমিনিটি অর্গানাইজেশন একটি মানবিক সংগঠন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, মানবতার সেবা কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে আমরা আরও সংগঠিতভাবে কাজ করতে চাই। ভবিষ্যতে আমাদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং সমাজের প্রতিটি সংকটময় মুহূর্তে আমরা মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনাম উদ্দীন বলেন, সংগঠনকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করতে আমরা পরিকল্পিতভাবে কাজ করব। মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। আমরা সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

উপদেষ্টা পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য

আলোচিত